খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটের মধ্যদিয়ে দিনাতিপাত করেন। এই চরম সংকটকালীন সময়ে যে কোন ছোট সহায়তাও তাঁদের জন্য অনেক বড় অবলম্বন হয়ে দাঁড়ায়।
গতকাল বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এফপিএবি’র নিজস্ব কার্যালয়ে নির্যাতিত ও হতদরিদ্র গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং ‘হতদরিদ্র গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ’ প্রকল্পের আওতায় ফ্যামিলি প্লানিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি)-খুলনা শাখার উদ্যোগে এই অনুদান বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, আমাদের সমাজে গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সামাজিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হন। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।
সংস্থাটি দীর্ঘদিন থেকে এমন মহতী ও মানবিক কাজ পরিচালনা করায় কেসিসি প্রশাসক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই কল্যাণমুখী কর্মসূচি ভবিষ্যতে আরো স¤প্রসারণের আহŸান জানান।
এফপিএবি খুলনার কার্যনির্বাহী পরিষদের সভাপতি এডভোকেট অচিন্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এডভোকেট তসলিমা খাতুন ছন্দা, সংস্থার মেডিকেল অফিসার ডাঃ তারানা তাবাচ্ছুম এবং জেলা কর্মকর্তা সীমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকজন সুবিধাবঞ্চিত ও নির্যাতিত গর্ভবতী নারীর হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
