বই পড়ার গুরুত্ব: শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজিজুল বারী হেলালের বার্তা

বই পড়ার গুরুত্ব

বই পড়ার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বই পড়ার কোনো বিকল্প নেই। আধুনিক ভার্চুয়াল যুগে এগিয়ে যেতে হলে পুঁথিগত শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। কারণ বই-ই মানুষের সঠিক জ্ঞান, মূল্যবোধ ও চিন্তাশক্তি গড়ে তোলে।

শুক্রবার সকালে রূপসার নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র। এখানে শিক্ষামূলক কার্যক্রমই প্রাধান্য পাবে, কোনো রাজনৈতিক কার্যক্রম নয়। শিক্ষা প্রতিষ্ঠানকে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাতা। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, পরিশ্রম ও নৈতিকতার সমন্বয়ে সফলতা অর্জন সম্ভব। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এস এ আনোয়ার উল কুদ্দুস, খান জুলফিকার আলী জুলু, মোল্লা সাইফুর রহমান ও জাবেদ হোসেন মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা ও প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আজিজুল বারী হেলাল তেরখাদা উপজেলায় আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

Published by AjkerNewsBD

Source: AjkerNewsBD

© 2026 AjkerNewsBD

Translate »

© 2026 AjkerNewsBD | All rights reserved