স্পেনে ৫ লাখ অভিবাসীর বৈধতা – নতুন ডিক্রিতে আবাসন ও কাজের অনুমতি।

ইউরোপে অভিবাসন নীতি কঠোর হওয়ার মধ্যেই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে Spain। দেশটির সরকার প্রায় ৫ লাখ অননুমোদিত অভিবাসীকে বৈধতা দেওয়ার জন্য একটি ডিক্রি অনুমোদন করেছে।

অভিবাসনমন্ত্রী Elma Saiz এই পদক্ষেপকে ‘মাইলফলক’ উল্লেখ করে জানান, শর্ত পূরণ করলে অভিবাসীরা কাজের অনুমতি, আবাসন সনদ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে এবং অন্তত পাঁচ মাস বসবাসের প্রমাণ দেখাতে হবে। পরিবারের সদস্যদের আবেদনও একসঙ্গে বিবেচনা করা হবে। প্রাথমিকভাবে এই অনুমোদন এক বছরের জন্য কার্যকর থাকবে।

প্রধানমন্ত্রী Pedro Sanchez এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, নাগরিকদের ব্যাপক সমর্থন ও স্বাক্ষরের ভিত্তিতেই এটি বাস্তবায়ন সম্ভব হয়েছে।

তবে বিরোধী দল People’s Party ও কট্টর ডানপন্থী Vox এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এতে নতুন অভিবাসন প্রবাহ ও সামাজিক চাপ বাড়তে পারে।

সরকারের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে অভিবাসীদের মূলধারায় অন্তর্ভুক্ত করা এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা সম্ভব হবে।