
সুন্দরবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে দুই অপহৃত জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ এক দস্যুকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, গত ১৫ এপ্রিল মোংলার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল থেকে মাছ ধরার সময় ‘বড় জাহাঙ্গীর বাহিনী’ দুই জেলেকে অপহরণ করে। মুক্তিপণের দাবিতে তাদের ওপর নির্যাতন চালানো হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল বিকেলে মোংলার মূর্তি খাল এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকাসহ ওই দুই জেলেকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বনদস্যুরা পালিয়ে যায়।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হোগলডরা খাল এলাকায় শুক্রবার সকালে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল (৩৫)কে ধাওয়া করে আটক করা হয়। তার কাছ থেকে দুটি একনালা বন্দুক ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
আটক তরিকুল খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বনদস্যু কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আটক দস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।