
দীর্ঘ ১২ বছর পর সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দেশের সব সামরিক ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়া সরকার।
হাসাকা প্রদেশের কাসরাক বিমান ঘাঁটি থেকে শেষ মার্কিন বহর চলে যাওয়ার মধ্য দিয়ে এই হস্তান্তর সম্পন্ন হয়।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে আইএসবিরোধী অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় প্রবেশ করা মার্কিন বাহিনী এখন সম্পূর্ণভাবে সরে গেছে।
সিরীয় সরকার জানিয়েছে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ) কে জাতীয় কাঠামোর আওতায় আনার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নিয়ন্ত্রণ হস্তান্তর সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এসডিএফ নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এটি একটি পরিকল্পিত ও শর্তসাপেক্ষ রূপান্তরের অংশ। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে।
এই ঘটনাকে সিরিয়ার সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।