
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর রোটারি স্কুলের উন্নয়ন নিয়ে বড় ঘোষণা দিয়েছেন। তিনি এই স্কুলকে খুলনার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তর করবেন।
শনিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং খালিশপুর রোটারি স্কুলের উন্নয়ন ত্বরান্বিত করতে অচিরেই এটি জাতীয়করণ করা হবে। আগামী বছর থেকেই এখানে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।
হুইপ বকুল স্কুলে ডিজিটাল বোর্ড স্থাপন এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এছাড়া পাঠদান কার্যক্রম উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত করার আশ্বাস দেন তিনি।
শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে শিক্ষকদের ক্লাসেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সব ধরনের বৃত্তির ব্যবস্থাও করা হবে।