দর্শনায় স্বর্ণ পাচার রোধে বিজিবির অভিযান, ১০টি স্বর্ণবারসহ আটক ১।

অবৈধভাবে ভারতে পাচারের সময় এক ব্যক্তিকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

সোমবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে অভিযান চালিয়ে আলমগীর খান (৫৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি দর্শনা মোবারকপাড়া এলাকার বাসিন্দা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সেখানে অবস্থান নেয়। সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কোমরে লুকানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।