খুলনায় ডিউটিরত রেলওয়ে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

খুলনা রেলওয়ে কনস্টেবল মৃত্যু

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার (২য় ফেজ) রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় এক কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তাঁর স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশের খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ডিউটিরত অবস্থায় কনস্টেবল সম্রাট বিশ্বাস নিজের কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্বসহকারে তদন্ত চলছে।