কোটচাঁদপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ।

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নাসিমা উপজেলার সাবদারপুর গ্রামের মৃত নাজমুল ইসলামের মেয়ে। পরিবারের তথ্যমতে, বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ ছিল। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে পরিবারের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় তদন্ত চলছে এবং বিস্তারিত জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।