
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং জাতীয় নির্বাচনের আগে তা ধাপে ধাপে সম্পন্ন হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেয়া বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বেশ কয়েকটি উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
এই প্রেক্ষাপটে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন আরও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে জনগণের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন এমপি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম সরদার, আহসানুল হক লড্ডনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় প্রধান অতিথি ২৮০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন, যা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।