
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কৃষক ভালো ও স্বচ্ছল থাকলে পুরো দেশই ভালো থাকবে। কৃষকের উন্নয়ন নিশ্চিত হলেই বাংলাদেশ-এর সামগ্রিক অগ্রগতি সম্ভব। এ লক্ষ্যেই আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে বলে তিনি ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে পহেলা বৈশাখ উপলক্ষে সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে জন্য সরকার ইতোমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছে। দেশি-বিদেশি উদ্যোক্তারা কোল্ডস্টোরেজ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ এখন একটি সামাজিক উৎসবে পরিণত হলেও এর মূল শিকড় কৃষকের সঙ্গে জড়িত। তাই এই দিনেই কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সরকারপ্রধান উল্লেখ করেন, এখন দেশ পুনর্গঠনের সময় এবং বর্তমান সরকার জনগণের সরকার হিসেবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। উন্নয়ন ও অগ্রগতির এই যাত্রায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি জানান।
এর আগে বেলা ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন। টাঙ্গাইল থেকেই সারাদেশে ২০ হাজারের বেশি কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।