যশোর সোনা উদ্ধার: বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

যশোর সোনা উদ্ধার এর বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে প্রায় এক কেজি ওজনের সোনার পেস্ট ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন যাত্রীর ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৯০০ গ্রাম ওজনের সোনার পেস্ট, যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

এই অভিযানে যশোর সোনা উদ্ধার ঘটনায় আরও পাওয়া গেছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা। আটক ব্যক্তি ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১), তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি থানে এলাকার বাসিন্দা।

বিকেলে যশোরের ঝুমঝুমপুরে বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও সোনা চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই সাফল্য পাওয়া গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ২০২৪ সাল থেকে নিয়মিত ভারত, মধ্যপ্রাচ্য, মিশর ও বাংলাদেশ রুট ব্যবহার করে যাতায়াত করছিলেন। গত ২০ এপ্রিল তিনি মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন।

পরবর্তীতে সড়কপথে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ইতোমধ্যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উদ্ধারকৃত সোনার পেস্ট ও বৈদেশিক মুদ্রা যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের পর সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Translate »