কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক ২১

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক অভিভাবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়ামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক।

এদিকে আটকদের মধ্যে কয়েকজন অভিযোগ করেছেন, নামাজের সময় তাদের আটক করা হয়েছে এবং তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বুড়ামারা গ্রামে দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। পরে বিষয়টি অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় এক অভিভাবকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

আহত ব্যক্তিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শিশুদের মারামারিকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে একজন গুরুতর আহত হন। এক পক্ষ মামলা দায়ের করেছে, অপর পক্ষ এখনও মামলা করেনি।

তিনি আরও জানান, দায়ের করা মামলার ভিত্তিতে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নামাজের সময় আটক করার অভিযোগের বিষয়ে ওসি বলেন, বিষয়টি প্রাথমিকভাবে সঠিক নয় বলে জানা গেছে। তবুও তদন্ত করে দেখা হবে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত কি না।