
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ডা. রফিকুস সালেহীনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (১২ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন উপাচার্যের মেয়াদ হবে চার বছর। তিনি পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতা ও সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। প্রজ্ঞাপনটি উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এবং জনস্বার্থে জারি করা হয়েছে।
নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।