
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের কাছে কোনো ইরানি জাহাজ এলে তা সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে।
ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, তবে কিছু দ্রুতগতির আক্রমণকারী নৌযান এখনো সক্রিয় রয়েছে। এসব জাহাজ অবরোধ অতিক্রমের চেষ্টা করলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়ার নৌ চলাচল নিয়ন্ত্রণে অবরোধ কার্যকর করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, অনুমতি ছাড়া অবরোধ এলাকায় প্রবেশকারী জাহাজ আটক বা জব্দ করা হতে পারে।
অন্যদিকে, ইরান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনবিরোধী ও ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজের উপস্থিতিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে দেশটির বাহিনী।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই অবরোধের প্রতি সমর্থন না জানালেও, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
রাশিয়াও এ পদক্ষেপের সমালোচনা করে বলেছে, এটি আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।