নতুন বছরে ঐক্য, উন্নয়ন ও সম্ভাবনার বার্তা দিলেন তারেক রহমান।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। নতুন বছর পুরোনো গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এবং আশা-সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করে।

তিনি আরও উল্লেখ করেন, বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক রূপ তুলে ধরে এবং জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে। কৃষি ও প্রকৃতির সঙ্গে নববর্ষের সম্পর্ক তুলে ধরে তিনি কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতে এসব কর্মসূচি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দেশবাসীকে সহনশীলতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।