
দেশজুড়ে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সকল অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকা প্রণয়নে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না—অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, পরিবহন খাত, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানসহ সব ধরনের চাঁদাবাজিকে এ তালিকার আওতায় আনা হচ্ছে। ভুক্তভোগীরা অনেক সময় অভিযোগ না করলেও গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের অনুসন্ধানের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হচ্ছে।
এছাড়া, কল্যাণপুরে চাঁদা দাবির অভিযোগ ও চট্টগ্রামে ইয়াবা চালান সংক্রান্ত ঘটনায় তদন্ত চলমান রয়েছে। র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তারা স্বাধীনভাবে কাজ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।