
সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় গত ১৮ মাসে ৮১টি আগ্নেয়াস্ত্রসহ ৬১ জন দস্যুকে আটক করা হয়েছে এবং ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, অভিযানে দস্যুদের আস্তানা ধ্বংস, বিপুল অস্ত্র-গোলাবারুদ, হরিণের মাংস, শিকারের ফাঁদ ও অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া ২৯ জন হরিণ শিকারিকেও আটক করা হয়েছে।
তিনি বলেন, নতুন করে দস্যু তৎপরতা রোধে কোস্ট গার্ড, নৌবাহিনী, র্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে অভিযান জোরদার করা হয়েছে। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত এবং বনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।