খুলনার সাংবাদিক আব্দুল খালেক আজীজীর মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৪ ডিসেম্বর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা বাদ যোহর সোনাডাঙ্গাস্থ তালিমুল মিল্লাত মাদরাসা ময়দানে সম্পন্ন হয়। পরে মরদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম চিপাবাড়ইখালী গ্রামে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।