
সরকার প্রতিবছর ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং এ দিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে। একইসঙ্গে ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।
বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয়ভাবে উদযাপন না হলেও এখন থেকে ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং দিনটি সরকারি ছুটি হিসেবে গণ্য হবে।
এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় পরিকল্পনার অংশ হিসেবে সরকার ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এটি “নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা–২০২৫”-এর আওতায় বাস্তবায়ন করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানির বিকল্প উৎস হিসেবে সৌরশক্তির ওপর জোর দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কিছুটা কমবে।