
যশোর-ঝিনাইদহ মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে দীর্ঘদিনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রায় ছয় বছর পার হলেও কাজ এগিয়েছে মাত্র ৫ শতাংশ, অথচ প্রকল্পের মেয়াদ শেষ হতে বাকি মাত্র আট মাস।
২০২০ সালে অনুমোদিত এ প্রকল্পে শুরু থেকেই ধীরগতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা জানান, জমি অধিগ্রহণ জটিলতার কারণে মূল সড়কের কাজ এখনো শুরু করা যায়নি। যশোর অংশে অগ্রগতি মাত্র ২ শতাংশ এবং ঝিনাইদহ অংশে ৩ শতাংশ।
প্রকল্পের আওতায় একটি ফ্লাইওভার, চারটি সেতু, ৫৫টি কালভার্টসহ আধুনিক ‘স্মার্ট হাইওয়ে’ নির্মাণের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত কেবল কিছু আংশিক কাজ হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা নিলন আলী বলেন, জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় নির্ধারিত স্থানে কাজ শুরু করা যাচ্ছে না। জমি বুঝে পাওয়া গেলে দ্রুত কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অন্যদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বেহাল সড়কের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বর্ষা মৌসুমে খানাখন্দে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ছে। স্থানীয়রা দ্রুত কাজ শেষ করে নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি জানিয়েছেন।